স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চলের সাথে শিক্ষক-কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট বুধবার সকালে শেরপুর সরকারি কলেজের আয়োজনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাউশি ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আব্দুল মোতালেব। শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.কে.এম রিয়াজুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আছাদুজ্জামান ও মাউশি ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) ড. বিমল চন্দ্র সরকার।
শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শিব শংকর কারুয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাউশি ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মুহাম্মদ মোজাম্মেল হক, মাউশি ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক (মাধ্যমিক) মোহসিনা খাতুন, শেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আকরাম হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় শেরপুর সরকারি কলেজ ও শেরপুর সরকারি মহিলা কলেজের প্রায় শতাধিক শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন।
সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে ডিজিটাল ক্লাশরুম ব্যবহার, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ শিক্ষা উপযোগী করে তোলা ও শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের অধিক যত্নশীল এবং পাঠদানে সৃজনশীলতার উপর গুরুত্বারোপ করেন।
























