স্টাফ রিপোর্টার॥ শেরপুরে শিশু ধর্ষণ মামলার রায়ে মনির হোসেন (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। ১০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে শিশু আদালতের বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোছলেহ উদ্দিন আসামীর উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। একই সাথে জরিমানার অর্থ ধর্ষিতাকে প্রদানেরও নির্দেশ দেওয়া হয়। মনির নকলা উপজেলার মাওরা গ্রামের আমু মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, নকলা উপজেলার পাইসকা গ্রামের দরিদ্র পরিবারের ১০ বছর বয়সী শিশু কন্যা পার্শ্ববর্তী মাওরা গ্রামে তার নানীর বাড়িতে বেড়াতে যায়। মনির হোসেন ঘটনার আগে থেকেই আত্মীয়তার সুবাদে ওই বাড়িতে অবস্থান করছিল। ২০১৫ সালের ২৬ জুন বেলা ১১ টার দিকে ওই শিশু কন্যাকে বাড়িতে একা রেখে তার নানী মাঠ থেকে গরু আনতে গেলে মনির হোসেন ঘরে ঢুকে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটির নানী বাড়ি ফিরলে শিশুটি তাকে ধর্ষণের কথা জানায়। পরে ওইদিনই তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং শিশুটির বাবা বাদী হয়ে নকলা থানায় মনির হোসেনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ২৬ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করেন ওই মামলার তদন্ত কর্মকর্তা নকলা থানার এসআই সারওয়ার হোসেন। চিকিৎসক, ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তাসহ ৮ জন সাক্ষীর জবানবন্দি-জেরা গ্রহণ শেষে বৃহস্পতিবার ওই রায় ঘোষণা করা হয়।
মামলাটির রাষ্ট্রপক্ষে ছিলেন শিশু আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট পংকজ কুমার নন্দী।

























