স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ আগস্ট বুধবার দুপুরে নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুর কমিটির আয়োজনে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা হাজং জাতিগোষ্ঠির সভাপতি সুকুমার হাজং, বর্মন জাতিগোষ্ঠির সভাপতি শিক্ষক মনিন্দ্র চন্দ বর্মন, আদিবাসী নেতা সুমন্ত বর্মন, বাগাছাস সম্পাদক অনিক চিরান, উদীচী জেলা সভাপতি তপন সারোয়ার, নারী নেত্রী আঞ্জুমান আরা যুথী, মানবাধিকার নেতা শামীম আহমেদ, মিঠুন কোচ, লক্ষ্মণ বর্মন প্রমুখ। পরে জনউদ্যোগ, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), কোচ সংগঠন পিলাচ, বাংলাদেশ মহিলা পরিষদ, রক্ত দিন জীবন বাঁচান, এইচআরডি, বর্মন ছাত্র পরিষদ ও আইইডি নেতৃবৃন্দ সমন্বয়ে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে প্রধানমন্ত্রী বরাবরে লিখিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন-এর নিকট হস্তান্তর করা হয়। ওইসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দাবি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের দাবি জানানো হয়।
























