নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে মধুটিলা রেঞ্জের আওতাধীন বাতকুচি বিটের সামাজিক বনায়নের অর্ন্তভূক্ত ১৫৪ জন উপকারভোগী সদস্যদের মাঝে ৬৬ লাখ ৫৮ হাজার ২শ টাকার চেক বিতরণ করা হয়েছে। ১ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নের বাতকুচি বিট কার্যালয় প্রাঙ্গণে মধুটিলা রেঞ্জের আয়োজনে ময়মনসিংহ বনবিভাগ উপকারভোগীদের মাঝে ওই চেক বিতরণ করে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরফদার সোহেল রহমানের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ও রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন বকুল, পোড়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আজাদ মিয়া, রামচন্দ্রকুড়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান, নয়াবিল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ডাক্তার নূর ইসলাম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, গোপালপুর বিট কর্মকর্তা হাবিবুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মধুটিলা রেঞ্জের কর্মকর্তা মোঃ আব্দুল করিম। ওই সময় তিনি বলেন, ২০০৩-০৪ সালের সৃজিত প্রথম আর্বতে ২৪ হেক্টর ও দ্বিতীয় আবর্তে ৮০ হেক্টর সামাজিক বনায়নে সম্পৃক্ত ১৫৪ জন উপকারভোগীদের মাঝে আংশিক লভ্যাংশের ৬৬ লাখ ৫৮ হাজার ২শ টাকার চেক বিতরণ করা হল। পর্যায়ক্রমে বাকী টাকা উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে।























