মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট মঙ্গলবার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লে¬ক্স চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে মেডিক্যাল অফিসার ডা. রাজিব সাহা, এমওএমসিএইচ ডা. উম্মে মরিয়ম, স্যানেটারি পরিদর্শক হাসান ফেরদৌস আলম, এমটিইপিআই আব্দুর রহিম, এএইচআই রফিকুল ইসলাম, মর্তুজ আলী ও মফিদুল ইসলাম, নকলা হাসপাতালে কর্মরত সেবিকাগন, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মায়ের বুকের দুধেই সকল শিশুর কল্যাণ নিহিত আছে। শিশুর জন্য সেরা ও আদর্শ খাদ্য মায়ের দুধ। ছয় মাস বয়স পর্যন্ত শুধু মাত্র মায়ের দুধ পান করালে শিশুরা প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান পায়। ফলে শারীরিক ও বুদ্ধিবৃত্তির পুর্ণ বিকাশ ঘটে। মায়েরা শিশুকে নিয়মিত বুকের দুধ পান করালে স্তন ক্যান্সারের সম্ভাবনা কম থাকে। তাই শিশুর কল্যাণে ৬মাস বয়স পর্যন্ত শুধু মাত্র মায়ের বুকের দুধ পান করানোর আহ্বান সহ সকল মায়েদের প্রতি শ্রদ্ধা জানান তারা।























