শ্যামলবাংলা ডেস্ক ॥ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ৫% বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা, পূর্ণাঙ্গ পেনশন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওকরণসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শেরপুর সদর, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক কর্মচারী ফ্রন্ট। ২৩ জুলাই রবিবার পৃথক পৃথকভাবে ওই কর্মসূচী পালিত হয়। খবর স্টাফ রিপোর্টার ও উপজেলা প্রতিনিধিদের।
শেরপুর সদর : রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ গেটে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি চান মিয়া। এতে বক্তব্য রাখেন জেলা শিক্ষক কর্মচারী ফ্রন্টের আহবায়ক মুহসীন আলী আকন্দ, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, শাজাহান আলী আকন্দ, নওশেদ আলী, নাসরিন আক্তার, হাফিজুর রহমানম, গোলাম মোস্তফা প্রমুখ। এতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন জেলা জমিয়াতুল মুদারেছিনের সভাপতি অধ্যক্ষ নুরুল আমিন ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।
ঝিনাইগাতী : ঝিনাইগাতীতে রবিবার দুপুরে স্থানীয় মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে ওইখানে উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ শাহাজ উদ্দিন সাজু’র সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তী, অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আমিরুউজ্জামান লেবু, সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান, হারুন উর রশিদ প্রমুখ।
নালিতাবাড়ী : একই দাবিতে নালিতাবাড়ীতে সমাবেশ ও মিছিল করেছে মাধ্যমিক শিক্ষকরা। রবিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা পরিষদের মূল ফটকের সামনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। ওইসময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইমদাদুল হক কাজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলাম, সামেদুল ইসলাম, জয়নাল আবেদিন, মশিউর রহমান, শ্যামল চন্দ্র বর্মণ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নয়াবিল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম। সমাবেশ শেষে শিক্ষকরা একটি মিছিল করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সভাস্থলে গিয়ে শেষ হয়।
























