স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে প্রাথমিক শিক্ষা অধিপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসসমূহে একযোগে বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই রবিবার শহরের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগিয়ে ওই বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করেন জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এনামুল হক। উদ্বোধনকালে সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, এসএমসি সভাপতি আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, কয়েকজন অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ওইসময় প্রাথমিকের সকল শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারিরা অন্তত: একটি করে ফলদ-বনজ কিংবা ঔষধি গাছের চারা বিতরন করেন।
শেরপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরে আলম মির্ধা বলেন, এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী ওই বৃক্ষরোপণ অভিযানে সদর উপজেলায় ২০৩টি শিক্ষা প্রতিষ্ঠান ও দু’টি অফিস চত্বরে ২ হাজার গাছের চারা রোপন করা হয়। ফলদ-বনজ ও ঔষধি গাছের যেসব চারা রোপন করা হয়েছে। তার মধ্যে রয়েছে-আম, জাম, লিচু, কাঁঠাল, জলপাই, আমড়া, মেহগনি, হরতকি, আমলকি প্রমুখ। তিনি জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের সকল প্রাথমিক বিদ্যালয় ও অফিসসমূহে এদিন একযোগে ৪ লাখ বৃক্ষরোপনের কর্মসূচি নেওয়া হয়েছে।
























