স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ২০৮ দরিদ্র শিক্ষার্থী পেয়েছে জেলা পরিষদের মেধাবৃত্তি। ৪ জুলাই মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষ নিসর্গে আনুষ্ঠানিকভাবে এসএসসি পর্যায়ের ২শ ২ জন শিক্ষার্থীর হাতে মাথাপিছু ৪ হাজার টাকা ও এইচএসসি পর্যায়ের ৬ জন শিক্ষার্থীদের হাতে মাথাপিছু ৫ হাজার টাকা করে ৮ লক্ষ ৩৮ হাজার টাকার ওই মেধাবৃত্তি তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাব্বির আহমেদ খোকন, সদস্য আব্দুল খালেক ও প্রভাষক আঞ্জুমান আরা।
























