স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র ঠেকিয়ে দস্যুতার ঘটনায় দায়ের করা মামলায় আব্দুর রহমান (২৪) নামে এক যুবকের ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ৫ জুলাই বুধবার দুপুরে তদন্ত কর্মকর্তার ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনের বিষয়ে উভয় পক্ষের শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুন্নেছা খানম ওই রিমান্ড মঞ্জুর করেন।
নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম রিমান্ড মঞ্জুরের তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত যুবককে রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে ঘটনাসংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়াসহ মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি সাধিত হতে পারে। অপর এক প্রশ্নের জবাবে মামলার অপর আসামী লালন মিয়াসহ অজ্ঞাত আরও একজনকে গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, শুক্রবার রাতে রানীগাঁও মসজিদ মোড় এলাকাস্থ ফ্লেক্সিলোড/বিকাশের দোকানে মালিক সুমন মিয়ার অনুপস্থিতিতে তার পিতা আব্দুল বারিককে অস্ত্র ঠেকিয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নিয়ে কেটে পরে ৩ জনের একদল দুর্বৃত্ত। পরে ওই ঘটনায় শনিবার আব্দুল বারিক বাদী হয়ে গ্রেফতারকৃত আব্দুর রহমান ও তার ঘনিষ্ঠ বন্ধু স্থানীয় উত্তর রানীগাও এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে লালন মিয়া (২৩)সহ অজ্ঞাতনামা আরও একজনকে আসামী করে নালিতাবাড়ী থানায় অভিযোগ দাখিল করেন। ৩ জুলাই সোমবার বিকেলে উপজেলার উত্তর রানীগাও এলাকা থেকে গ্রেফতার করা হয় আব্দুর রহমানকে।
























