স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি, একুশে টিভির সিইও, সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফ্রিডম অব এক্সপ্রেশন (আইএফইএক্স-আইফেক্স) এর কাউন্সিল সদস্য নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে শেরপুর প্রেসক্লাব। ২৯ জুন বৃহস্পতিবার প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা সাক্ষরিত এক বিবৃতিতে ওই অভিনন্দন জানানো হয়। সেইসাথে বিবৃতিতে তারা মঞ্জরুল আহসান বুলবুলের সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বে সাংবাদিকদের বৃহত্তর ঐক্য ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে বলে আশা করেন।
উল্লেখ্য, বিশ্বজুড়ে গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করে এমন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংগঠনগুলোর ফেডারেশন হিসেবে কাজ করে আইফেক্স। এর সদর দফতর কানাডায়। সম্প্রতি কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত আইফেক্স এর দ্বিবার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত নির্বাচনে সরাসরি ভোটে নির্বাচিত হন বুলবুল। ৮৪টি দেশের ১০৪টি সংগঠনের প্রতিনিধি গোপন ব্যালটে ভোট দিয়ে আগামী ২ বছর মেয়াদের জন্য ২১ জন প্রতিদ্বন্দ্বির মধ্যে ১৩ জনকে নির্বাচিত করেন। বুলবুল এর আগে ২০০১ সালে ব্যাংককে অনুষ্ঠিত সম্মেলনে প্রথমবার আইফেক্স কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছিলেন। । মনজুরুল আহসান বুলবুল শেরপুরের নালিতাবাড়ী শহরের এক সম্ভ্রান্ত পরিবারের সদস্য।























