ঝিনাইগাতীতে অভিযানে গিয়ে অবরুদ্ধ জামালপুরের ৪ পুলিশ, পরে উদ্ধার

খবর টি পড়েছেন : ২২৮
ঝিনাইগাতীতে অভিযানে গিয়ে অবরুদ্ধ জামালপুরের ৪ পুলিশ, পরে উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কুচনীপাড়া গ্রামে আসামি ধরতে গিয়ে জামালপুর জেলার বারুয়ামারী তদন্ত কেন্দ্রের ৪ পুলিশ আসামির ভগ্নিপতির বাড়িতে ব্যাপক ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। বিক্ষুব্ধ স্থানীয় লোকজন এসআইসহ ওই চার পুলিশ সদস্যকে প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। ২৮ জুন বুধবার বিকেলে ওই ঘটনা ঘটে। পরে ঝিনাইগাতী থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন সোমবার জামালপুর জেলার টেবিরচর গ্রামের মোখলেছুর রহমান বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেন, তাঁর এসএসসি পাস মেয়েকে প্রতিবেশী ইয়াকুব মিয়ার ছেলে সালমান শাহ (২২) অপহরণ করেছেন। গতকাল মেয়ের বাবা ফের পুলিশকে জানান, তাঁর মেয়েকে নিয়ে সালমান শাহ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কুচনীপাড়া গ্রামে তাঁর ভগ্নিপতি ফারুক হোসেনের বাড়িতে অবস্থান করছেন। এরপর তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রাজ্জাক কনস্টেবল রুহুল আমিন, আজাদ মিয়া ও জয়নাল আবেদীন এবং মেয়ের বাবা ও ফুফাতো ভাইকে নিয়ে বিকেল ৩টার দিকে কুচনীপাড়ায় আসেন। কিন্তু শেরপুরের পুলিশকে তাঁরা কিছু জানাননি। তাঁরা সালমান শাহ ও অভিযোগকারীর মেয়েকে না পেয়ে ঘরের জিনিসপত্র ভাঙচুর ও তছনছ করেন বলে অভিযোগ। ঘটনা জানাজানি হলে গ্রামের লোকজন ক্ষুব্ধ হয়ে ৪ পুলিশ সদস্য ও মেয়ের বাবাকে অবরুদ্ধ করে রাখে। সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থলে যান। তিনি লোকজনকে বুঝিয়ে শান্ত করেন। প্রায় ২ ঘণ্টা পর এসআই আব্দুর রাজ্জাক, ৩ কনস্টেবল ও মেয়ের বাবাকে উদ্ধার করেন তিনি।
কুচনীপাড়া গ্রামের ফারুক মিয়ার অভিযোগ, দারোগা আব্দুর রাজ্জাক ও ৩ কনস্টেবল সালমান শাহকে বাড়িতে না পেয়ে ঘরের ভেতরে থাকা টেলিভিশন, শোকেস ও খাট ভাঙচুর করেন। তাঁরা লেপ-তোশক বের করে পুকুরে ফেলে দেন। তিনি দায়ী পুলিশ সদস্যদের বিচার দাবি করেছেন।
বারুয়ামারী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ কোনো কিছু ভাঙচুর করেনি। মেয়ের ফুফাতো ভাই ভাঙচুর করে পালিয়ে গেছেন।
ঝিনাইগাতী থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘আমাদের না জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা আসামি ধরতে এসেছিলেন।’ তিনি বলেন, শেরপুর থেকে অতিরিক্ত পুলিশ সুপার এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ‘ঈদ পুনর্মিলন বন্ধু পরিষদ’র উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের… পরবর্তী সংবাদ মনজুরুল আহসান বুলবুল আইফেক্স কাউন্সিল সদস্য নির্বাচিত হওয়ায়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads