মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলাধীন বানেশ্বরদী ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২২ মে সোমবার ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহবব্বত সভাপতিত্ব করেন। প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিএসপি-২ শেরপুরের ডিস্ট্রিক্ট ফ্যসিলেটর মোঃ আব্দুর রহিম।
অবসরপ্রাপ্ত ইউপি সচিব আবুল কাশেমের সার্বিক সহযোগিতায় ইউপি. সচিব গোলাম কবির ৯৮ লাখ ৮৮ হাজার ২১১ টাকার সম্ভাব্য আয় ও সব টাকা সম্ভাব্য ব্যয় হওয়ার বাজেট পাঠ করে শোনান। এতে আয়ের খাতে নিজস্ব তহবিল হতে ৪ লাখ ৬৫ হাজার টাকা এবং বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর সরকারী-বেসরকারী সহায়তা থেকে ৯৪ লাখ ২৩ হাজার ২১১ টাকা আয়ের খাতে পাওয়ার আশা করা হয়েছে। এ বাজেট ঘোষণার পাশাপাশি চলতি ২০১৬-১৭ অর্থবছরে ৭৪ লাখ ৭১ হাজার ১শ’ টাকার প্রকৃত আয়-ব্যয়ের বিবরণী উপস্থিতিদের পাঠ করে শুনানো হয়। উক্ত অনুষ্ঠানে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ৫নং বানেশ্বর্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাফিজুল হক, দপ্তর সম্পাদক এ.এস.এম.বি করিম শাহজাহান, বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম ফিরোজ, মুক্তিযোদ্ধা মোশারফ, রাজ্জাক ও চাঁন মিয়া, সাংবাদিক মোঃ মোশারফ হোসেন ও শফিউল আলম লাভলু, বানেশ্বরদী ইউপি’র সকল সদস্যসহ বিভিন্ন পেশাজীবী, সরকারী বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিকসহ ৮শতাধিক স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বাজেটটিকে জনস্বার্থে ও সেবামূখী করতে প্রতিটি ওয়ার্ড হতে ২জন করে মহিলা ও পুরুষের মতামত নেওয়া হয়। বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান সহ ইউপি. সদস্য ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানের সভাপতি ও বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মাজহারুল আনোয়ার মহব্বত উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে দেশের সকল উন্নয়ন মূলক কাজে সার্বিক সহযোগিতা করে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যআয়ের দেশে পরিণত করতে আওয়ামী লীগ সরকারের হাতকে আরও শক্তিশালী করতে হবে। তার বক্তব্যের মাঝে বঙ্গবন্ধুর মেয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নকলা-নালিতাবাড়ীর রাজনৈতিক অভিভাবক সফল কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া এবং আগামী জাতীয় নির্বাচনে নৌকার জন্য ভোট প্রার্থনা করেন তিনি। বাজেট ঘোষণা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শরীফ হোসেন।























