ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমানকে সংবর্ধনা দিয়েছে আদিবাসী সম্প্রদায়। ১৫ মে সোমবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রের মুক্তমঞ্চে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যানের মাথায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সর্বোচ্চ সম্মাননাসূচক মুকুট ‘কুতুব’ পড়িয়ে দেওয়া হয় এবং হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। সংবর্ধনার জবাবে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ঝিনাইগাতীসহ সীমান্ত এলাকায় বন্যহাতির আক্রমণসহ জীবন বাজি রেখে নানা লড়াইয়ে টিকে থাকা আদিবাসীদের প্রতি সহানুভূতি প্রকাশ করে তাদের জীবনমানের উন্নয়নে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ওইসময় তিনি স্বাধীনতার ৪৬ বছরে জেলা পরিষদের ম্ধ্যামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সহযোগিতার বিষয়ে রেকর্ড গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, এখন থেকে কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সন্তানের অর্থের অভাবে লেখাপড়া বন্ধ হবে না।
ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেস খকসীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সদস্য নহেলিকা দিব্রা ও নজরুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শ্রীবরদী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা। স্মারকলিপি পাঠ করেন লিপ্সা হাগিদক। ওই সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাব্বির আহমেদ খোকন, অন্যান্য সদস্য, সদর উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান ডেনিস দলার মারাক, নালিতাবাড়ী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান লুইস নেংমিনজা, নকলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান সুভাষ বিশ্বাস এবং আদিবাসী নেতৃবৃন্দসহ স্থানীয় অধিবাসীরা উপস্থিত ছিলেন। পরে আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
























