ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী থেকে মুক্তিপণের দাবিতে বাজিয়াড সিয়েনলাইকে (১৮) নামে অপহৃত এক ভারতীয় তরুণকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে উপজেলার আহমদনগর এলাকা থেকে ওই তরুণকে উদ্ধার করা হয়। ওইসময় আলম মিয়া (৩০) নামে অপহরণকারী দলের এক সদস্যকেও গ্রেফতার করে পুলিশ। অপহরণকারী আলম মিয়া ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভালুকাপাড়া থানার আব্দুল মান্নানের ছেলে। অপহৃত বাজিয়াড সিয়েনলাই ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং-এর নংস্টইন জেলার মেইরাং গ্রামের রেজো ডেসালোমইটের ছেলে। ওই ঘটনায় রাতেই এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মুক্তিপণের দাবিতে অপহরণের ঘটনায় গ্রেফতারকৃত আলম মিয়াসহ ৪ জনকে স্বনামে ও অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আলম মিয়াকে ৭ দিনের পুলিশ রিমান্ড এবং দোভাষী নিয়োগের মাধ্যমে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকের জবানবন্দি গ্রহণ ও তাকে নিরাপদ হেফাজতে রাখার আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আমিনুল ইসলাম জানান, সুনামগঞ্জ জেলার ভারত সীমান্ত থেকে গত ৩ দিন আগে ভারতীয় ওই কিশোরকে অপহরণ করে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তাকে ঝিনাইগাতী সীমান্তে অপহরণকারীরা লুকিয়ে রেখেছে বলে ভারতের মেঘালয় পুলিশের ডিআইজির তরফ থেকে শেরপুরের পুলিশ সুপারকে বার্তা পাঠানো হয়। পরবর্তীতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সোমবার রাত ১০টার দিকে পুলিশ সুপার রফিকুল হাসান গণির নেতৃত্বে অভিযান চালিয়ে ঝিনাইগাতীর আহমদনগর এলাকা থেকে অপহরণকারী দলের এক সদস্যকে গ্রেফতার ও অপহৃত ভারতীয়কে উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইগাতী থানার এসআই জহুরুল ইসলাম জানান, ভারতীয় তরুণকে অপহরণের ঘটনায় একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র জড়িত। ওই চক্রের গ্রেফতারকৃত সদস্যকে রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার আদ্যোপান্তসহ আরও কারা কারা জড়িত তা বের করা সম্ভব হতে পারে।




















