আলমগীর হোসেন, শেরপুর ॥ শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ২০১৭-১৮ অর্থবছরের ১ কোটি ৭৩ হাজার ৩শ ৫০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ ভবন মিলনায়তনে আয়োজিত ওই উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে স্থানীয় সরকার বিভাগে উপ-পরিচালক (উপ-সচিব) ফরিদ আহমদ প্রধান অতিথি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মোঃ খোরশেদুজ্জামান। ওইসময় চরমোচারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক শাজাহান আলীসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউপি সচিব মোঃ মনোয়ার হোসেন।























