শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীরবদীতে সরকারি রাস্তার প্রায় অর্ধ লক্ষাধিক টাকা মূল্যের চোরাই গাছ উদ্ধার হয়েছে। ২৫ এপ্রিল মঙ্গলবার সকালে তাতিহাটি পশ্চিম গ্রামের মৃত আব্দুল হকের পুত্র সবুজ ও সাইদুলের বসতবাড়ি থেকে ওই চোরাই গাছ উদ্ধার হয়। তবে ওই ঘটনায় এখনও মামলা হয়নি। অভিযোগ উঠেছে, স্থানীয় একটি প্রভাবশালী মহলের তদবিরে ঘটনা ধামাচাপার পাঁয়তারা চলছে।
জানা যায়, সম্প্রতি শ্রীবরদী সরকারি কলেজের উত্তর পার্শ্বের পাকা সড়কের দু’পাশে রোপনকৃত কয়েকটি একাশি কাঠের গাছ রাতের আঁধারে কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) সানজিদা বেগমের নির্দেশে ন্থানীয় গোশাইপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মালেক অফিসের লোকজন নিয়ে ওই চোরাই গাছগুলো উদ্ধার করেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সানজিদা বেগম সরকারি রাস্তার চোরাই গাছ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।























