শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ও সদস্য সদস্যাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শালমারা বাজারের মাঠে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে। মাত্র ৮ বছরে দেশের প্রত্যেকটি সেক্টরে উন্নয়নের জোয়ার বইছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা কৃষিবিদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী নেতা মোহাম্মদ আলী লাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল ছালেহ, উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ সর্বস্তরের লোক অংশ গ্রহণ করেন।























