শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ বাল্য বিবাহ প্রতিরোধকল্পে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কাজী, সাংবাদিক ও সমাজের বিভিন্নস্তরের ব্যক্তিবর্গদের নিয়ে শেরপুরের শ্রীবরদীতে বাল্য বিবাহ নিরোধ কর্মসূচি বাস্তবায়নে দিনব্যাপী কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল বুধবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওই সময় তিনি বলেন, বাল্য বিবাহ একটি বড় ব্যাধি। এর প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি এ উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা গড়ার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
ইউএনও খালেদা নাছরিনের সভাপতিত্বে সেমিনারে বাল্য বিয়ে প্রতিরোধকল্পে নানা দিক তুলে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. আলম, শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা অরবিন্দ সিলভেস্টার গমেজ, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, তাতাহাটী ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান, হামিদুল্লাহ তালুকদার, রাণীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, কেকেরচর ইউপি চেয়ারম্যান এডিএম শহিদুল্লাহ, গড়জরিপা ইউপি চেয়ারম্যান আবুল কালাম, গোশাইপুর ইউপি চেয়ারম্যান জুবায়ের হোসেন, ইউনিসেফ প্রতিনিধি আলমগীর হোসেন, সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ।























