নকলায় ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষক

খবর টি পড়েছেন : ১৭৬
নকলায় ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষক
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন, নকলা, (শেরপুর) : শস্য ভান্ডার খ্যাত শেরপুরের নকলা উপজেলার কৃষকরা ধান চাষের চেয়েও অধিক লাভবান হওয়ায় ভুট্টা চাষের দিকে ঝুঁকছেন। এবার ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। ভালো ফলনের পাশাপাশি এখন পর্যন্ত ভালো দাম থাকায় কৃষকের মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে। জেলার নকলা উপজেলার চরাঞ্চলসহ পতিত থাকা বেলে ও বেলে দো-আঁশ মাটির মাঠজুড়ে শুধু ভুট্টার ক্ষেত। চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার ৫০ একর (৮২০ হেক্টর) জমিতে ভুট্টা আবাদ করা হয়েছে। প্রতি একর জমিতে ১শ’ থেকে ১২০ মণ ভুট্টা উৎপাদন হবে বলে আশা করছেন কৃষকরা। ফলে উপজেলায় প্রায় ৯ হাজার মেট্রিকটন ভুট্টা উৎপাদন হবে। প্রতি মণ ভুট্টা ৮শ টাকা করে হলে নকলার কৃষকরা ১৯ কোটি টাকারও বেশি ভুট্টা পাবেন।
সরেজমিনে দেখা যায়, পাইওনিয়ার, এনকে-৪০, সুপার সাইন ও প্যাসিফিক জাতের চাষ বেশি করা হয়েছে। তার মধ্যে রাজস্ব খাতের ৫৬ টি ও পুষ্টি প্রকল্পের ৩ টি প্রদর্শনী প্লট রয়েছে। কাজাইকাটা গ্রামের কৃষক মোহাম্মদ আলী নেওয়াজ জানান, তিনি এ বছর ২ একর জমিতে ভুট্টার আবাদ করেছেন। এতে প্রতি কেজি ৫১০ টাকা দামের ১১ কেজি ভুট্টা বীজ লেগেছে। তাছাড়া হুজুরিকান্দার রুবেল, কালাম, হালিম, রেজাউল, নারায়ন খোলার কৃষাণি তাসলিমাসহ অনেকেই জানান, যেসব জমিতে অন্য কোন শস্য আবাদ করা যায় না সেসব জমিতে ভুট্টা খুব ভালো হয়। তাই তারা এ বছর ভুট্টার আবাদ বেশি করেছেন। বাজার জাত করা পর্যন্ত প্রতি একরে ৩১ হাজার থেকে ৩৩ হাজার টাকা করে তাদের খরচ হবে। খরচ বাদে দ্বিগুন লাভ হবে বলে তারা জানান।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা ইসমাতুন মাসুমা জাহান, শহিদুল ইসলাম, আশ্রাফ উজ্জামান, আলতাফ হোসেন ও অবু বক্কর সিদ্দিক খান জানান, নকলায় দিন দিন ভুট্টা চাষির সংখ্যা ও পরিমান বাড়ছে। সরিষার পাইকার ও রাখি ব্যবসায়ীরা বলেন, অন্যান্য শস্য কিনে রেখে দিলে লোকসানের সম্ভাবনা থাকে, কিন্তু ভুট্টাতে তাদের লোকসান গুণতে হয়নি। প্রতিটি পাইকার ২শ থেকে ৩শ মেট্রিকটন ভুট্টা কিনে পারর্শ্ববর্তী বিভিন্ন গো-খাদ্য, হ্যাচারী ও ফিসারীর মালিকদের কাছে বিক্রি করে থাকেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, ভুট্টা অধিক লাভজনক ফসল হওয়ায় কৃষকরা অলাভজনক অন্য আবাদ ছেড়ে দিন দিন ভুট্টার দিকে ঝুঁকছেন। কৃষি অফিস থেকে কৃষকদের প্রশিক্ষণসহ সকল প্রকার সহযোগিতা দিয়ে যাওয়া হচ্ছে। আর ভুট্টা চাষে কৃষকদের উৎসাহিত করতে এ বছর উপজেলার ৮০ জন চাষীকে প্রণোদনা দেওয়াসহ ভর্তুকি মূল্যে ভুট্টা মাড়াই যন্ত্র ও বপনের জন্য বেড প্লেন্টার মেশিন বিতরণ করেছে কৃষি বিভাগ। আগামীতে নকলাসহ জেলায় ভুট্টার আবাদ আরও বাড়বে বলে ধারণা করছে কৃষি বিভাগ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে নিখোঁজের ১১ দিনেও সন্ধান মেলেনি বৃদ্ধার পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বাল্য বিয়ে নিরোধ কর্মসূচী বাস্তবায়নে সেমিনার

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads