নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে আড়াই বছর বয়সী এক কন্যাশিশু ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় অভিযুক্ত যুবক হামিদুল ইসলামকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। ৪ এপ্রিল মঙ্গলবার বিকেলে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় ধর্ষিতা শিশুর মা’র দায়ের করা মামলায় গ্রেফতারকৃত হামিদুলকে বুধবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া গ্রামের আড়াই বছর বয়সী কন্যাশিশু বাড়ির আঙিনায় খেলা করছিল। ওইসময় প্রতিবেশি আবুল হোসেনের ছেলে হামিদুল ইসলাম (২০) ওই শিশুকে নিয়ে পাশের বসতঘরে প্রবেশ করে দরজা আটকে দেয় এবং ধর্ষণ করতে থাকে। একপর্যায়ে ঘরের ভেতরে থাকা আরেক শিশু দরজা বন্ধ দেখে তার মাকে ডাকাডাকি করলে অপর শিশুটির মা ফজিলা বেগম বিষয়টি টের পান। ওইসময় সে ধর্ষিতা শিশুটির মাকে ডেকে আনলে অভিযুক্ত হামিদুল দৌড়ে পালিয়ে যায়। মুহূর্তেই বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী হামিদুলকে আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকার কাছে নিয়ে যান। পরে ইউপি চেয়ারম্যান যুবকটিকে পুলিশে সোপর্দ করেন।
নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের আলামত পাওয়া গেছে এবং অভিযুক্ত তার অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।























