স্টাফ রিপোর্টার ॥ আগামী জুন মাসের মধ্যে শেরপুর সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে ৫ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় ওই পরিকল্পনা গ্রহণ করা হয়। সভা সূত্র জানায়, ওই সভায় সদর উপজেলার ভিক্ষুক মুক্তকরণকল্পে ভিক্ষুক পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা ও করণীয় সম্পর্কে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়। মতামত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার যৌথ সাক্ষরে একটি ভিক্ষুক পুনর্বাসন তহবিল গঠন, প্রাথমিক পর্যায়ে উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীর একদিনের বেতনের অর্থ গ্রহণ, ইউপি চেয়ারম্যান ও সচিবগণসহ গণ্যমান্য ব্যক্তিদের সহায়তা গ্রহণ এবং এডিপির ক্ষুদ্র প্রকল্প গ্রহণের মাধ্যমে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। সভায় উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান, সদর উপজেলায় ৫শ থেকে সাড়ে ৫শ ভিক্ষুক রয়েছে। তাদের পুনর্বাসনে সদর উপজেলায় কেবল সরকারি কর্মকর্তাদের একদিনের বেতনের অর্থ বাবদই প্রায় ৭ লাখ টাকা আয় হবে। এছাড়া ইউপি চেয়ারম্যান ও সচিবগণসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিগণ সোনালী ব্যাংকের শেরপুর শাখায় সঞ্চয়ী হিসাব নং- ৮০১০১২৭১৫ সহায়তা দিতে পারবেন। তাছাড়া এডিপির মাধ্যমেও ক্ষুদ্র প্রকল্প গ্রহণের কথা ভাবা হচ্ছে। সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে যত দ্রুত সম্ভব সদর উপজেলায় ভিক্ষুকদের পুনর্বাসন করা হবে। তবে আগামী জুন মাসের মধ্যেই ওই কাজটি বাস্তবায়নের জন্য আমরা অগ্রসর হচ্ছি।























