স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ৫ বছর ধরে নিয়োগ ও পদোন্নতি না থাকার কারণে শেরপুরে ১শ ৮২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এছাড়া সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ১শ ৫০টি। এতে প্রাথমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জানা যায়, জেলার ৫ উপজেলায় ৬শ ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়র মধ্যে সদর উপজেলায় ৫১, শ্রীবরদীতে ৪৭, নালিতাবাড়ীতে ৩৪, নকলায় ২৮ ও ঝিনাইগাতীতে ২২ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ওইসব বিদ্যালয়ের মধ্যে সদর উপজেলার চরাঞ্চলের ৫ ইউনিয়নের ২৫টি বিদ্যালয়ে ৫-৭ বছর ধরে প্রধান শিক্ষক না থাকায় অভিভাবকহীন ওইসব বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার প্রায় অর্ধেকে নেমে এসেছে। ওইসব বিদ্যালয়ের মধ্যে ৬নং চর, ৭নং চর, বেতমারী, ঘুঘুরাকান্দি, চরখারচর, সাতানিপাড়া, সন্ন্যাসীরচর, সাহাব্দীরচর, চরভাবনা, ধুপারচর, কুমাররচর ও বাগলগড় উল্লেখযোগ্য। ওইসব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের নাজুক অবস্থা প্রসঙ্গে স্থানীয় কামারেরচর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, আমরা জনপ্রতিনিধিরা মিডডে মিল্কসহ নানাবিধ কর্মসূচি দিয়ে ছেলে-মেয়েদের স্কুলে আনতে চেষ্টা করছি। একটি বিদ্যালয়ে যখন প্রধান শিক্ষক না থাকে, তখন সহকারী শিক্ষকদের পক্ষে দরিদ্র ছেলে-মেয়েদের ধরে রাখা সম্ভব হয় না। শ্রীবরদী উপজেলার সীমান্তঘেঁষা বালিজুড়ি, বড়ইকুচি, বাবলাকোনাসহ পাহাড়ি এলাকায় ১০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরুণা রানী সরকার বলেন, সাধারণত প্রধান শিক্ষকরা স্থানীয়ভাবে মা সমাবেশ ও অভিভাবক সমাবেশের মাধ্যমে উদ্বুদ্ধ করে ছেলে-মেয়েদের বিদ্যালয়ে নিয়ে আসেন। প্রধান শিক্ষক না থাকায় উদ্বুদ্ধকরণের কাজটি সহকারী শিক্ষকদের পক্ষে করা সম্ভব না হওয়ায় স্কুলগামী না হয়ে শিশুরা ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত হচ্ছে।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক বলেন, জেলায় ১শ ৮২টি বিদ্যালয়ে অবসরজনিত কারণে ও পদোন্নতি বন্ধ থাকায় প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। নিয়োগ ও পদোন্নতির সরকারি সিদ্ধান্ত ছাড়া ওইসব শূন্যপদ পূরণ করা সম্ভব নয়। এজন্য সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাময়িকভাবে ঝামেলা পোহাতে হচ্ছে। তবে দ্রুতই তা সেরে উঠার সম্ভাবনা রয়েছে।























