স্টাফ রিপোর্টার ॥ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীস্নান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ৪ এপ্রিল মঙ্গলবার সকালে জেলার মধ্য দিয়ে প্রবাহিত পুরাতন ব্রহ্মপুত্র নদে বিপুল সংখ্যক পূণ্যার্থী অবগাহন করেন। সোমবার বিকেল ৫ টা ৪২ মিনিট থেকে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত মহাঅষ্টমী তিথির ব্যাপ্তিকাল ছিল। তবে মঙ্গলবার সকাল ৮টা ১০ মিনিট থেকে ১০টা ৯ মিনিট পর্যন্ত ছিল স্নানের মোক্ষকাল। বসন্তকালীন দুর্গোৎসব বাসন্তীপূজার মহাঅষ্টমী তিথিতে প্রতিবছর ব্রহ্মপুত্র নদে ওই স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। পূণ্যার্থীদের স্নানের সুবিধার্থে নদের দক্ষিণপাড়ে যাত্রী ছাউনী, শৌচাগার ও পরিধেয় বস্ত্র বদলের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা পূণ্যার্থীরা ওই স্নানযাত্রায় অংশ নেন। পূণ্যার্থীদের বিশ্বাস, ওই স্নানের মধ্য দিয়ে তাদের সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ হবে। পৌরানিক মতে পিতৃআজ্ঞায় মাতৃহন্তারক পরশুরামের ব্রহ্মপুত্র নদের পূণ্য সলিলে পাপ স্খলন ঘটে। পূণ্যার্থীদের বিশ্বাস মোক্ষ লগ্নে ব্রহ্মপুত্র নদে স্নান করলে ব্রহ্ম পদ প্রাপ্তির ফল লাভ হয়। ওই সময়ই বিপুল সংখ্যক পূণ্যার্থী স্নান করেন।
এদিকে অষ্টমীস্নান উপলক্ষে ব্রহ্মপুত্র নদ সংলগ্ন জামালপুর পৌরশহরে অবস্থিত দয়াময়ী কালিমন্দির প্রাঙ্গণে বিরাট মেলা বসে।























