জুবাইদুল ইসলাম, স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ছিল ৫২ জন এবং বহিস্কার হয়েছে ৩ জন পরীক্ষার্থী। ৪ এপ্রিল মঙ্গলবার ওই অনুপস্থিতি ও বহিস্কারের ঘটনা ঘটে। এদিন পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার মেজবাউল আলম ভূইয়া শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, চলতি এইচএসসি পরীক্ষায় ৬ হাজার ২শ ৫১ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলীম পরীক্ষায় ৯শ ৭৫ ও কারিগরি বোর্ডের অধীনে ১ হাজার ৩শ ৯৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এতে মঙ্গলবার পরীক্ষার দ্বিতীয় দিনে এইচএসসির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ৩৫ জন, আলীমের আরবী প্রথম পত্রের পরীক্ষায় ২ জন ও ভোকেশনালের ইংরেজি পরীক্ষায় ১৫জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অন্যদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে জেলা শহরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ২ জন ও নালিতাবাড়ীর তারাগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে একজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।























