ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে গত দু’দিনের অতিবর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার ইউনিয়ন দু’টি হলো ধানশাইল ও গৌরীপুর। এ দুটি ইউনিয়নের শতাধিক একর জমির বোরো ধান ক্ষেতে পানি প্রবেশ করেছে। ফলে উঠতি বোরো ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দু’দিন ধরে বর্ষণের ফলে কাংশা ইউনিয়নের বালিজুড়ি এলাকায় সোমেশ্বরী নদীর বাঁধের কিছু অংশ ভেঙ্গে গেছে। ফলে এ ইউনিয়নসংলগ্ন ধানশাইল ইউনিয়নের ধানশাইল, বাগেরভিটা, উত্তর ও দক্ষিণ দাড়িয়ারপাড় এবং গৌরীপুর ইউনিয়নের বনগাঁও ও চতল গ্রামের শতাধিক একর জমির বোরো ধান ক্ষেতে পানি প্রবেশ করেছে। ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের কৃষক হাবিবুর রহমান বলেন, তাঁর এক একর জমির বোরো ক্ষেতে পানি প্রবেশ করেছে। ওই গ্রামের কৃষক মোজাম্মেল ও খুশু মিয়া বলেন, তাদের দেড় একর বোরো ক্ষেতে পানি প্রবেশ করেছে। তারা এখন উঠতি বোরো ধান নিয়ে দুঃশ্চিন্তায় আছেন।
ঝিনাইগাতীর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কোরবান আলী বলেন, অতিবর্ষণে বোরো ক্ষেতগুলোয় পানি জমেছে। এখনও তেমন ক্ষতি হয়নি। তবে বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, চলতি বোরো মওসুমে ঝিনাইগাতী উপজেলায় ১৪ হাজার ২৯৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের ন্যায় এবারও বোরোর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিভাগ আশা করছে।
























