স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ৪ বেকারি প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৯ মার্চ বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে শহরের বিসিক শিল্প নগরীতে পরিচালিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না আক্তার শারমিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাতুল আলমের নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালতে ওই জরিমানা আদায় করা হয়।
জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার প্রস্তুতের অভিযোগে বুধবার দুপুরে শহরের বিসিক শিল্প নগরীতে স্থাপিত বিভিন্ন বেকারি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ওইসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাতুল আলমের নেতৃত্বে তাজ বেকারি কারখানাকে ১৫ হাজার টাকা ও রাসেল বেকারি কারখানাকে ১২ হাজার টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না আক্তার শারমিনের নেতৃত্বে তৃপ্তি বেকারি কারখানাকে ১২ হাজার ও অক্ষয় বেকারি কারখানাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জেএম শাখা) শরীফ উল্যাহ ওই তথ্য নিশ্চিত করে শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, জনস্বার্থে জেলা প্রশাসনের ওই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

























