স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা প্রশাসক কার্যালয়ের শফিকুল ইসলাম নামে এক গাড়ি চালকের বদলী নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সেইসাথে বদলি ঠেকাতে চলছে রশি টানাটানি। আর এর মধ্য দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বদলির আদেশ কার্যকর না হওয়ায় তা উপেক্ষিত হচ্ছে বলেই সচেতন মহলের অভিমত।
অভিযোগে প্রকাশ, শেরপুর শহরের নওহাটা এলাকার বাসিন্দা হয়েও জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পুলের গাড়িচালক হিসেবে দীর্ঘদিন যাবত সরকারি চাকরি করে আসছেন। শেরপুরে চাকরির পুরো সময়টাতেই সে জেলা প্রশাসকের গাড়ি চালনা ও স্থানীয় হওয়ার সুবাদে বিভিন্ন দপ্তরসহ অফিস-আদালত ও এলাকায় বিশেষ প্রভাব বিস্তার করে আসছিল। কোর্ট-কাচারি, থানা, হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করেই ক্ষান্ত হয়নি, সে সরকারবিরোধী রাজনৈতিক কর্মকা-েও জড়িত থেকেছে সরাসরি- এমন গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ২৭ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বঙ্গবন্ধু যুব পরিষদ নালিতাবাড়ী শাখার সভাপতি ও নাজমুল স্মৃতি কলেজের সাবেক জিএস আসাদুজ্জামান সোহেল সাক্ষরিত এক অভিযোগে বলা হয়েছে, ‘সে নিজেকে সন্ত্রাসী কর্মকা-ে জড়িয়ে ফেলেছে। রাজনৈতিকভাবেও সে সরকারের ভাবমূর্তিকে নষ্ট করছে। এমনকি যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাসির পর তার জানাযায় মোনাজাতে ক্রন্দনরত অবস্থায় তার ছবি দেখানোর পরও সদ্য বদলি হওয়া জেলা প্রশাসক তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি।’ ওই অভিযোগের প্রেক্ষিতে ৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন অধিশাখার উপ-সচিব মালেকা খায়রুন্নেছা সাক্ষরিত এক পত্রে জেলা পুলের গাড়িচালক শফিকুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক মতামত প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। পরবর্তীতে ১৪ মার্চ একই মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদপ্তরের পরিচালক (সড়ক) যুগ্ম সচিব মোঃ জয়নাল আবেদীন সাক্ষরিত এক আদেশে বদলি করা হয় এবং ১৯ মার্চ অপরাহ্নে গাড়িচালক শফিকুল ইসলামকে জেলা প্রশাসকের কার্যালয় হতে বদলিকৃত কর্মস্থল সরকারি যানবাহন অধিদপ্তরে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু ১৯ মার্চ বিকেল পর্যন্তও সে শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করছে।
অভিযোগ উঠেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই নির্দেশ ধামাচাপা দিয়ে গাড়িচালক শফিকুল ইসলাম শেরপুরেই থেকে যেতে নানা তয়-তদবির করছে। এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে, একজন গাড়িচালকের বদলির ক্ষেত্রেও কেন এমন ধোঁয়াশা ? আর তার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশই বা উপেক্ষিত হয় কিভাবে ?
এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে আদেশ-নির্দেশ দু’টিই রয়েছে। তবে পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। একটু অপেক্ষা করতে হবে।























