স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বৃহস্পতিবার পর্যন্ত অনশনের টানা ৬ দিন পরও কোন সুরাহা পায়নি সনাতন ধর্মের সেই যুবতী। উল্টো ফাঁসানোর চেষ্টা চলছে যুবতী ও তার পরিবারকে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশসহ এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হলেও টনক নড়েনি স্থানীয় প্রশাসন বা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর। অভিযোগ উঠেছে, প্রতারক প্রেমিক পুলিশ হওয়ার কারণেই পরিবারের পক্ষে প্রভাবশালী মহলের তদবিরের কারণেই বিষয়টি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
জানা যায়, পূর্ব পরিচিতির সুবাদে প্রায় ৩ বছর যাবত নালিতাবাড়ীর নন্নী পশ্চিমপাড়া এলাকার হরি চন্দ্র বর্মন মাস্টারের ছেলে মানহুর প্রসাদ বর্মন রাজীবের (২৬) সাথে সম্পর্ক চলে আসছিল শ্রীবরদী উপজেলার রাণীশিমুল এলাকার দরিদ্র পরিবারের ওই যুবতীর (২০)। সম্পর্কের সূত্রে প্রেমিকা যুবতীর বাড়িতে যাতায়াতও ছিল রাজীবের। কিন্তু ঘর বাঁধতে তার ভেতর ছিল টালবাহানা। এরই মধ্যে রাজীব অন্য এক যুবতীকে বিয়ে করছে এমন সংবাদে (১১ মার্চ) শনিবার বিকেল ৪টার দিকে বড়ভাইসহ কয়েকজনকে নিয়ে রাজীবের বাড়িতে উঠে। ওইসময় সম্পর্কের পূর্বাপর অবস্থা পিতা-মাতাকে অবহিত করার পর পরই রাজীব বাড়ি ছাড়ে। এরপর নানা হুমকির পরও ওই প্রতারিত যুবতী ওই বাড়িতেই অনশন শুরু করে। অন্যদিকে প্রেমিকাকে স্বীকৃতি না দিয়ে তাকে উপেক্ষা করে ঝিনাইগাতী সদরের সুস্মিতা নামে এক মেয়েকে বিয়ে করে ওই বাড়িতে আশ্রয় নেয় প্রতারক প্রেমিক রাজীব। বিষয়টি প্রতারিত যুবতীর পরিবারের বড়ভাই থানা পুলিশকে জানানোর পরও কোনো সুরাহা না পেয়ে মহিলা পরিষদকে অবহিত করে। এরপর মঙ্গলবার জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক লুৎফুন নাহারের নেতৃত্বে একটি দল ওই এলাকা পরিদর্শন করে। বিষয়টি নিয়ে তারা রাজীবের পরিবার, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও পুলিশসহ প্রশাসনের সাথে কথা বললেও কাজের কাজ কোনোটাই হয়নি। আর ওই অবস্থায় অন্যদের মত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দও রয়েছেন নীরব দর্শকের ভূমিকায়। ফলে একদিকে যেমন ওই যুবতী অনাহারে-অর্ধাহারে প্রেমিকের বাড়িতেই অরক্ষিত অবস্থায় অবস্থান করছে, অন্যদিকে তেমনি তার পরিবারের লোকজন চরম হতাশায় ভুগছেন। অনেকের ধারণা, অবস্থার দ্রুত সুরাহা না হলে ওই যুবতী শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিতে পারে।
প্রতারণার শিকার ওই যুবতীর বড় ভাই অভিযোগ করে বলেন, ঘটনার বিষয়ে শ্রীবরদী ও নালিতাবাড়ী থানা পুলিশকে অবহিত করার পরও তারা কোন ব্যবস্থা নেয়নি। মহিলা পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে দেন-দরবারের উদ্যোগ নিলেও রাজীবের পরিবারের তরফ থেকে কোন সাড়া মেলেনি। বরং উল্টো এখন আমাদেরকেই ফাঁসানোর অপচেষ্টা চলছে। তিনি স্ব-ধর্মের নেতৃবৃন্দসহ স্থানীয় প্রভাবশালীদের শেল্টারের কারণেই বিষয়টির সুষ্ঠু সুরাহা হচ্ছে না, এমনকি থানা পুলিশও কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন। একই কথা জানান জেলা মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদিকা নাসরিন রহমান ও সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফসিহুর রহমান জানান, ঘটনাটির বিষয়ে স্থানীয় দায়িত্বশীল লোকজন সুরাহার জন্য দায়িত্ব নেওয়ার কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
























