জাহিদুল হক মনির, ঝিনাইগাতী (শেরপুর)॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের জমি দখল করে দোকানঘর নির্মাণ করেছেন রেজাউল করিম নামে এক ব্যক্তি। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে শান্তিভঙ্গের আশঙ্কায় তারা নীরব রয়েছেন।
বিদ্যালয় ও অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৩৮ সালে স্থানীয় দানশীল ব্যক্তি রাবিয়া বেগমের দেওয়া ১ একর ৩৫ শতাংশ জমির উপর বিশাল মাঠ নিয়ে প্রতিষ্ঠিত হয় ওই বিদ্যালয়টি। এরপর থেকেই মাঠটিতে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের কয়েক গ্রামের শিশু-কিশোররা খেলাধুলা করে আসছে। কিন্তু দাতা ব্যক্তির ওয়ারিশদের মধ্যে রেজাউল নামে এক ব্যক্তি সম্প্রতি ওই বিদ্যালয় মাঠের দক্ষিণ পার্শ্বে অবৈধভাবে একটা টিনের দোকানঘর নির্মাণ করেছে।
বিষয়টি নিয়ে ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন নাহার বলেন, দীর্ঘদিন ধরে ওই জমিটি বিদ্যালয়ের তরফ থেকে ভোগদখল করা হচ্ছে। হঠাৎ করে ওই জমিতে দোকানঘর নির্মাণ করা হয়। বিষয়টি আমরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবগত করলে তিনি নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত করতে বলেন। আমরা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত করেছি। আর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুবক্কর সিদ্দিক বলেন, আমরা নির্মাণ কার্যক্রম বন্ধ করার জন্য বলেছি। ইউএনও স্যার না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বিলম্ব হচ্ছে। অন্যদিকে দোকানঘর নির্মাণকারী রেজাউল করিম অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি তার মার দান করা জমিতে ঘর নির্মাণ করেননি। ওই জমির সাথে তাদের আরও জমি রয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের মাঠ দখল করে দোকান-পাট তৈরি করার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




















