স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, পূর্ব পাকিস্তান সিভিল সার্ভিসের বিচার বিভাগের সাবেক সদস্য, বিশিষ্ট আইনজীবী আমিনুল ইসলামের নবম মৃত্যু বার্ষিকী আজ (১৬ মার্চ)। তিনি আইন পেশার পাশাপাশি বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ মরহুমের খরমপুরস্থ বাসা ও পৈত্রিক নিবাস পূর্ব ঝিনিয়া এলাকায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শেরপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এডভোকেট সালাউদ্দিন শাহরিয়ার লিটন তার জেষ্ঠ ছেলে, বেসরকারী উন্নয়ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা এসএ শাহরিয়ার রিপন মেজো ছেলে ও অনলাইন নিউজ পোর্টাল শেরপুর টাইমস ডটকম সম্পাদক, শেরপুর প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি এসএ শাহরিয়ার মিল্টন তার কনিষ্ঠ ছেলে।
উল্লেখ্য, এডভোকেট আমিনুল ইসলাম শ্রীবরদী উপজেলার চিথলিয়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবার জোতদার বাড়ীর সন্তান। তিনি ১৯২৯ সালে শেরপুর সদর উপজেলার সন্যাসীরচর গ্রামে নানা নয়ান উল্লাহ মাষ্টারের বাড়ীতে জন্ম গ্রহণ করেন। তার বাবা মরহুম আইনজীবী আফতাবউদ্দিন আহমেদ ১৯২৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তীর্ণ হয়ে তৎকালীন ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমার শেরপুর বারে প্রথম মুসলিম আইনজীবী হিসাবে যোগদান করে দীর্ঘ ৪০ বছর সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত ছিলেন। সেসময় দীর্ঘদিন তিনি সরকারী আইনজীবীর দায়িত্ব পালন করেন। ১৯৫০ থেকে ১৯৫২ সাল পর্যন্ত তিনি শেরপুর পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। মরহুম আমিনুল ইসলাম ১৯৪৫ সালে শেরপুর ভিক্টোরিয়া একাডেমী থেকে মেট্টিক্যুলেশন, ১৯৪৭ সালে ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ১৯৪৯ সালে স্নাতক ও ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর উত্তীর্ণ হয়ে বাবার সঙ্গে ১৯৫৬ সালে শেরপুর বারে যোগদান করে আইনজীবী হিসাবে আত্মপ্রকাশ করেন। ১৯৫৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সিভিল সার্ভিস এর বিচার বিভাগীয় সদস্য নিযুক্ত হয়ে মুন্সেফ হিসাবে স্বল্পকালীন সময়ে চাকরি করেন রাজশাহীতে। বাবা-মায়ের আদেশে লোভনীয় সরকারী চাকরি থেকে ইস্তফা দিয়ে আবারো আইন পেশায় যোগদান করেন। জামালপুর মহকুমার সর্বপ্রথম ইপিসিএস বিচার বিভাগের সদস্য হবার দুর্লভ সম্মানের অধিকারী, বিশিষ্ট আইনজ্ঞ মরহুম আমিনুল ইসলাম দীর্ঘ ৫০ বছরের সুখ্যাতি ও সুনামের ইতি টানেন ৭৯ বছর বয়সে ১৬ মার্চ ২০০৮ সালে ঢাকার স্কয়ার হাসপাতালে। তিনি পেশাজীবী হিসাবে আমৃত্যু শেরপুর বারের আইনজীবীদের শীর্ষে ছিলেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় শেরপুর বারের সভাপতি ও সরকারী আইনজীবীর আসনে অধিষ্ঠিত ছিলেন।
























