ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে স্থানীয় হাতিবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমীন দোলার অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন পরিষদের ৭ সদস্যসহ এলাকাবাসী। বুধবার সকালে ওই ইউনিয়নের তেতুলতলা বাজার এলাকায় রাস্তার দু’পাশে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ওইসময় ইউপি চেয়ারম্যানের নানা দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন ইউপি সদস্য হানিফ উদ্দিন, আলী আকবর, ইউসূফ আলী, আক্তার হোসেন, শাহীনুল ইসলাম, সংরক্ষিত সদস্য রেটিনা বেগম, ও মালেকা বেগম। বক্তারা ইউনিয়ন পরিষদে জনবল নিয়োগে ঘুষ গ্রহণ, এসএসম্যান্ট ট্যাক্সের টাকা আত্মসাত, জন্ম নিবন্ধন, ট্রেড লাইন্সেস বিতরণে অতিরিক্ত টাকা আদায়, মাতৃত্বকালীন ভাতাকার্ড বিতরনে অনিয়ম, ৪০ দিনের কর্মসূচির কাজে অনিয়ম, ভিজিএফ’র চাল আত্মসাত ও সরকারি পরিষদ থাকা সত্ত্বেও নিজ বাড়িতে অস্থায়ী কার্যালয় স্থাপন করে প্রভাব খাটানোসহ মোট ১৮টি অনিয়মের অভিযোগ তুলে ধরেন। সেই সাথে পরিষদের বয়স এক বছরের বেশি সময় হলেও কোন ধরণের মিটিং বা রেজ্যুলেশন নোটিশ করা হয়নি বলে উপস্থিত ইউপি সদস্যরা ক্ষোভ প্রকাশ করে তার বিচার ও অপসারণ দাবি করেন। পরে ইউপি চেয়ারম্যান নুরুল আমীন দোলার কুশ পুত্তলিকা দাহ করা হয়।
এ ব্যাপারে হাতিবান্দা ইউপি চেয়ারম্যান নুরুল আমীন দোলা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগের নামে যা কিছু করা হচ্ছে তার সবই ষড়যন্ত্র।
























