শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে ইয়াবা বিক্রির অপরাধে ফরিদ মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ১২ মার্চ রবিবার দুপুরে শ্রীবরদীর ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ওই রায় প্রদান করেন।
জানা যায়, রবিবার দুপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শ্রীবরদী উপজেলার চরশিমূলচড়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন সানজিদা বেগম। ওই সময় চরশিমূলচড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে ফরিদ মিয়ার দেহ তল্লাশী করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ভ্রাম্যমান আদালত মাদক বিক্রির অপরাধে ফরিদকে ৬ মাসের সাজা প্রদান করেন।
মোবাইল কোর্টের পেশকার মাইন উদ্দিন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত ফরিদকে পুলিশের মাধ্যমে শেরপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।
























