স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস (পুরুষ) কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। ৭ মার্চ মঙ্গলবার বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ওই প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন হয়। উদ্বোধনী খেলায় নকলা থানা দল ২ লোনাসহ ৫৪-২৩ পয়েন্টে নালিতাবাড়ী থানা দলকে পরাজিত করে।
এ কাবাডি প্রতিযোগিতা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে শহরের নিউমার্কেট মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন পুলিশ সুপার রফিকুল হাসান গণি। র্যালিতে ব্যান্ডপার্টি, ঘোড়ারগাড়ি, বাদ্যবাজনাসহ বিভিন্ন দলের খেলোয়াড়, পুলিশ সদস্য, ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদি মানুষজন অংশগ্রহণ করেন। পরে স্টেডিয়াম মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় পুলিশ সুপার রফিকুল হাসান গণি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, প্রবীণ সংগঠক আব্দুল ওয়াদুদ অদু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক, অতিরিক্ত সাধারন সম্পাদক মানিক দত্ত, কাবাডি উপ-পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানুসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ কাবাডি প্রতিযোগিতায় জেলার ৫ থানা দল রাউন্ড রবীনলীগ ভিত্তিতে অংশগ্রহণ করছে।



























