স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে বিয়ের প্রলোভনে ছাত্রীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে মোঃ তরিকুজ্জামান (৪০) নামে এক লম্পট স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ৭ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার ভাটিলংগরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় শ্রীবরদী থানায় একটি ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে। অন্যদিকে ওই শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদে উপজেলার লংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল করেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।
জানা যায়, এবার এসএসসি পরীক্ষার আগে শ্রীবরদী উপজেলার লংগরপাড়া উচ্চ বিদ্যালয়ে কোচিং সেন্টারে ভর্তি হয় স্থানীয় ভাটিলংগরপাড়া গ্রামের ওই ছাত্রী (১৫)। সেখানে তার সাথে পরিচয় হয় ওই বিদ্যালয়ের বিএসসি শিক্ষক তরিকুজ্জামানের। পরে তাদের মধ্যে চলে মন দেয়া-নেয়া। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে শুরু হয় অবৈধ দৈহিক সম্পর্ক। এক পর্যায়ে ওই ছাত্রীকে বিয়ে করতে অস্বীকার করলে সোমবার ওই ছাত্রীর আত্মীয়-স্বজনরা ওই শিক্ষককে তাদের বাড়িতে আটক করে। এ নিয়ে চলে রাতভর শালিস বৈঠক। অবশেষে ওই ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তরিকুজ্জামানকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে।



















