স্টাফ রিপোর্টার ॥ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শেরপুর সরকারি কলেজে এক আলোচনা সভা ও বঙ্গবন্ধুর ভাষণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.একেএম রিয়াজুল হাসান। ওইসময় তিনি বলেন, বঙ্গবন্ধু ও ৭ মার্চ সমার্থক। ৭ মার্চের ভাষণের মাধ্যমেই তিনি মূলতঃ স্বাধীনতার ডাক দেন। পৃথিবীর শ্রেষ্ঠ বক্তৃতাগুলোর মধ্যে বঙ্গবন্ধুর বক্তৃতা উল্লেখযোগ্য। তাঁর বক্তব্য আমাদের প্রেরণার উৎস।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ছারওয়ার জাহান ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোঃ আব্দুর রউফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আবু হানিফ। আলোচনা সভায় শিক্ষার্থীরা ৭ মার্চের ভাষণে তাদের উপলব্ধি ও তাৎপর্য ব্যাখ্যা করেন।
























