স্টাফ রিপোর্টার॥ শেরপুরে যক্ষ্মা নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ মঙ্গলবার বিকেলে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)’র জেলা শাখার উদ্যোগে শহরের নিউমার্কেট মিলনায়তনে আয়োজিত ওই মতবিনিময় সভায় বলা হয়, বিশ্বে যক্ষ্মাপ্রবণ ২২টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান সপ্তম। প্রতি বছর বিশ্বে ৯৬ লাখ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয় এবং একই সময়ে ওই রোগে মারা যায় ১৫ লাখ। আর বাংলাদেশে প্রতিবছর প্রতি লাখে ২২৭ জন করে মোট ৩ লাখ ৬৩ হাজার ২শ লোক আক্রান্ত হয় এবং একই সময়ে মারা যায় প্রতি লাখে ৫১ জন করে মোট ৮১ হাজার ৬শ জন। কিন্তু যক্ষ্মা নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি ব্র্যাকসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা বিনামূল্যে সেবা দিলেও গড়ে উঠেনি গণসচেতনতা। এজন্য প্রয়োজন সামাজিক আন্দোলন গড়ে তোলা। এক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা এক বিশাল ভূমিকা পালন করতে পারেন।
জেলা নাটাবের সভাপতি হারুন অর রশিদ দুদুর সভাপতিত্বে মতবিনিময় সভায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম মিয়া মূখ্য আলোচক ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন নাটাবের ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়ক মোঃ কামরুজ্জামান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাংবাদিক জিএম আজফার বাবুল, এসএম শহীদুল ইসলাম, আসাদুজ্জামান মোরাদ প্রমুখ।
























