স্টাফ রিপোর্টার ॥ মস্তিস্কে রক্তক্ষরণে স্বামীর মৃত্যু শোকে একইভাবে মারা গেছেন স্ত্রী। শেরপুর শহরের উত্তর গৌরীপুর এলাকার বাসিন্দা ওই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে রাজধানী ঢাকার নিউরো সায়েন্স এন্ড হাসপাতালে। শনিবার বিকেলে স্ত্রী ও বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান স্বামী। এ নিয়ে ওই দম্পতির এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
জানা যায়, ২৮ ফেব্রুয়ারি রাতে শেরপুর জেলা কারাগার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক (৬০) উত্তর গৌরীপুরস্থ বাসায় আকস্মিক মস্তিস্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হন। প্রথমে তাকে সদর হাসপাতালে এবং পরে তাকে ঢাকার নিউরো সায়েন্স এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে ৩ দিন সংজ্ঞাহীন অবস্থায় থাকার পর বৃহস্পতিবার ৭ টার দিকে মারা যান তিনি। এর পরপরই পাশে থাকা স্ত্রী জরিনা বেগম ঝরণা (৫২) স্বামীর শোকে কাতর হয়ে পড়েন এবং এক পর্যায়ে তিনিও একই রোগে আক্রান্ত হন। দাফনের জন্য স্বামী আব্দুর রাজ্জাকের লাশ শেরপুরে পৌঁছলেও স্ত্রী ঝরণাকে ওই হাসপাতালেই চিকিৎসাধীন থাকতে হয়। একই কারণে অসুস্থ হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হয় তাদের একমাত্র কন্যা রাবেয়া খাতুন (২৮)। শুক্রবার বাদ জুম্মা খোয়ারপাড় জামে মসজিদে কয়েক হাজার মুসল্লীর অংশগ্রহণে নামাজে জানাযা শেষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বারহা গ্রামের এলাকায় মাওলানা রাজ্জাককে দাফন করা হয়। আর স্বামীর মৃত্যুর ২২ ঘন্টার মাথায় শনিবার বিকেল ৫টার দিকে তাকেও বরণ করতে হয় একই পরিণতি। রবিবার সকাল ৯টায় খোয়ারপাড় জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে মস্তিস্কে রক্তক্ষরণে মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী জরিনা বেগম ঝরণার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হুইপ আতিউর রহমান আতিক, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আশীষ ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারসহ বিভিন্ন মহল।























