স্টাফ রিপোর্টার ॥ প্রচলিত বিধি উপেক্ষা করে প্রকৃত মৎস্যজীবীদের বঞ্চিত করে জলমহাল ইজারা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শেরপুরের নকলা উপজেলার নয়াবাড়ী মৎস্যজীবী সমিতি। ৪ মার্চ শনিবার সকালে শেরপুর প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে নকলার কুর্শা জলমহালের অবৈধ ইজারা বাতিল করে প্রকৃত মৎস্যজীবীদের মাঝে পুনঃইজারা বন্দোবস্ত দেওয়ার দাবি জানানো হয়।
সম্মেলনে লিখিত বক্তব্যে নয়াবাড়ী মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ’র সভাপতি চান মিয়া চানু বলেন, নকলা কুর্শা জলমহালের পাশে থাকা হতদরিদ্র মৎস্যজীবীরা প্রায় ২ যুগ ধরে ওই জলমহাল ব্যবহার করে আসছে। বর্তমানে ওই জলমহালের পাশে ৫০টি মৎস্যজীবী পরিবার বসবাস করে এবং ওইসব পরিবারের প্রায় ৫ শতাধিক সদস্য কুর্শা বিলে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে। সরকারি বিধি মোতাবেক জলমহালের নিকটবর্তী মৎস্যজীবীগণকেই জলমহাল বরাদ্দ দেওয়ার কথা থাকলেও এবার সেই বিধি লংঘন করে কুর্শা জলমহাল হতে ৮ কিলোমিটার দূরের একটি মৎস্যজীবী সমিতিকে ওই জলমহাল বরাদ্দ দেওয়া হয়। আনোয়ার হোসেন নামে প্রভাবশালী এক ব্যক্তির তদবিরে ওই সমিতিকে বেআইনীভাবে জলমহাল ইজারা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ওই ইজারার প্রতিবাদে স্থানীয় প্রকৃত মৎস্যজীবীরা কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও প্রশাসনকে জানালেও তারা কোন সুরাহা পাননি।
সংবাদ সম্মেলনে মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ-সভাপতি মমতাজ আলী, কোষাধ্যক্ষ আক্তার আলী ও সদস্য আবু বকর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ওইসময় সমিতির প্রায় অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।























