স্টাফ রিপোর্টার ॥ হজব্রত গমনেচ্ছু ও হজব্রত পালনকারীদের নিয়ে সমাবেশ ও দোয়া মাহফিল করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য, হুইপ আতিউর রহমান আতিক। ৪ মার্চ শনিবার বারঘরিয়া এলাকায় নিজের গড়া আতিউর রহমান গার্লস ইনস্টিটিউট প্রাঙ্গণে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হুইপ আতিক নান্দনিক শেরপুর গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।
সমাবেশ ও দোয়া মাহফিলে নবাগত জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, হুইপ আতিকের পিএস ওয়ারেস হোসেন, ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া, জে এন্ড এস গ্রুপের চেয়ারম্যান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত আলহাজ্ব জয়নাল আবেদীন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোফাজ্জল হোসেন এবং সদর উপজেলার প্রায় ৩ সহস্রাধিক হাজীসহ ১০ সহস্রাধিক দলীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন। ফলে সমাবেশটি একটি মহা মিলনমেলায় পরিণত হয়। পরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল পরিসমাপ্তি ঘটে।
























