স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দাখিলকৃত ৪ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষিত হয়েছে। ৩ ডিসেম্বর শনিবার সকালে জেলা কালেক্টরেট ভবনের সভাকক্ষে মনোনয়নপত্র বাছাই পর্বে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম ওই ৪ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেন। ওইসময় সহকারি রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, চেয়ারম্যান পদের ওই ৪ প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, আওয়ামী লীগের বিদ্রোহী জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন ও চেম্বার অব কমার্সের সভাপতি মো. মাছুদ।
একইসাথে সংরক্ষিত ৫ ওয়ার্ডের বিপরীতে দাখিলকৃত ১৪ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হলেও ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হচ্ছেন ঝিনাইগাতীর জাহানারা খাতুন ও শ্রীবরদীর নুরুন্নাহার বেগম। এছাড়া ১৫ সাধারণ ওয়ার্ডের বিপরীতে দাখিলকৃত ৪৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই হবে রবিবার সকাল ১১টায়।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী ৩ ও ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ১১ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১২ ডিসেম্বর নির্বাচনের প্রতীক বরাদ্দ ও ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে শেরপুর জেলার ৫ উপজেলার ৫২ ইউনিয়ন ও ৪ পৌরসভার ৭৪৩ জন জনপ্রতিনিধি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।























