স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ১৯টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সংগঠনের সাথে আইন উপদেষ্টা প্রেসক্লাব সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আধার। ২৮ নভেম্বর সোমবার রাতে সংগঠনের নিউমার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ জুলহাস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় ওই মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ময়না, সহ-সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ মিন্টু সাহা প্রমুখ। ওইসময় আইন উপদেষ্টার সঙ্গে তার এলাকার আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন বাচ্চু, মুসা আলম সরকার, মোঃ আলামিন ও আবুল হাশেমসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে উপদেষ্টা রফিকুল ইসলাম আধার সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে গঠনতান্ত্রিক রীতি-নীতির চর্চা ও অনুসরণ, দাবি-দাওয়া আদায়ের প্রশ্নে নিয়মতান্ত্রিক আন্দোলন, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ নিজেদের আলাদা ভাবমূর্তি গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে তিনি নিয়মতান্ত্রিক ও বৈধ যেকোন কর্মকান্ডে তার তরফ থেকে আইনী সহায়তাসহ সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন।
মতবিনিময় সভা শেষে সংগঠনের কল্যাণ তহবিল গঠনের লক্ষ্যে ৪ নভেম্বর নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচিতি অনুষ্ঠানে দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক উপদেষ্টা রফিকুল ইসলাম আধার তার ব্যক্তিগত তরফ থেকে নগদ ১০ হাজার টাকা সাধারণ সম্পাদক আব্দুর রহমানের হাতে তুলে দেন।























