ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : খালেদা জিয়া জঙ্গিবাদের পৃষ্ঠপোষক না হলে এ দেশ আরও উন্নত হতো বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি ৩০ নভেম্বর বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা সদরে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে ওই মন্তব্য করেন। ওইসময় তিনি বলেন, ক্ষমতার লোভে সব ঘোমটা ফেলে দিয়ে খালেদা জিয়া জঙ্গিবাদ, সন্ত্রাস, যুদ্ধাপরাধ, রাজাকার ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়িতদের পক্ষ নিয়ে ষড়যন্ত্রে মাঠে নেমেছেন। তিনি ১৫ আগস্টে বঙ্গবন্ধুর খুনিদের রক্ষার দায়িত্ব নিয়েছেন।
তথ্যমন্ত্রী বলেন, সীমান্তে যেমন হাতির উপদ্রপের কারণে মানুষের ক্ষতি হচ্ছে, তেমনি রাজনীতিতে জঙ্গী ও তাদের সঙ্গীদের কারণেও সবার ক্ষতি হচ্ছে। বন্য হাতি আর মানুষ যেমন এক সঙ্গে থাকতে পারে না, তেমনি জঙ্গী আর মানুষও এক সঙ্গে থাকতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আধুনিক বাংলার রূপকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার নেতৃত্বে দেশের অনেক উন্নয়ন হয়েছে, আরও হবে। এ উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক খালেদা জিয়াকে বিতাড়িত করতে হবে।
শেখ হাসিনা বাংলাদেশকে রক্ষার যুদ্ধ, গণতন্ত্রকে রক্ষার যুদ্ধ এবং মানুষকে রক্ষার যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন উল্লেখ করে তিনি জাসদ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, জাসদের নেতা-কর্মীদের জাতীয় বিপদ জঙ্গিবাদকে মোকাবিলা করার যুদ্ধের পাশাপাশি সমাজবদলের যুদ্ধও চালিয়ে যেতে হবে।
ঝিনাইগাতী উপজেলা জাসদ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন। ওই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, উপজেলা জাসদ সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আনিস আহমেদ প্রমুখ।
পরে তথ্যমন্ত্রী গজনী অবকাশ কেন্দ্রে রাজশাহী ইউনিভার্সিটি অব টেকনোলজি (রুয়েট)-এর ৬৭তম ব্যাচের পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। সন্ধ্যায় তিনি শেরপুর শহরের পৌর নিউমার্কেট ভবনের দ্বিতীয় তলায় জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটনের পরিচালনাধীন নবনির্মিত ‘হোটেল অবকাশ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
























