স্টাফ রিপোর্টার ॥ আগামী ৭ ডিসেম্বর শেরপুর মুক্ত দিবস উপলক্ষে শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আর্তনাদের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সার্বিক সহযোগিতায় মুক্তমনা সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিটি ৭ ডিসেম্বর বুধবার বিকেল ৩টায় নিউমার্কেটস্থ পাতাবাহার খেলাঘর আসরের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। র্যালিতে অংশগ্রহণকারী সকলকে বিনামূল্যে জাতীয় পতাকা ও বিজয়ে ৪৫ বছর ব্যাজ প্রদান করা হবে।
এ ব্যাপারে পাতাবাহার খেলাঘর আসরের সভাপতি শিব শংকর কারুয়া জানান, মহান মুক্তিযুদ্ধে শেরপুর অঞ্চলের মুক্তিকামী মানুষের অনবদ্য অবদানের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতেই প্রথমবারের মতো একটি ব্যতিক্রমধর্মী সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। যাতে নতুন প্রজন্ম স্বাধীনতার গৌরবউজ্জল ইতিহাস বুকে ধারণ করে উন্নত সমৃদ্ধ জাতি ও দেশ গঠনে সহায়ক ভূমিকা রাখতে পারে।
এদিকে প্রথমবারের মত শেরপুর মুক্ত দিবসের এমন উদযাপনকে সফল করতে আর্তনাদের সভাপতি সোবহান উদ্দিন জিহান ও সাধারণ সম্পাদক এমদাদুল হক রিপন জেলার সকল শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণ করার বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিযোদ্ধারা শেরপুর অঞ্চল শত্রুমুক্ত করে। এ দিন মিত্রবাহিনীর সর্বাধিনায়ক প্রয়াত জগজিৎ সিং অরোরা শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে এক সংবর্ধনা সভায় শেরপুরকে মুক্ত বলে ঘোষণা দেন। ওই সংবর্ধনা সভায় মুক্ত শেরপুরে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।























