স্টাফ রিপোর্টার ॥ পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতো শেরপুরে জেলা পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগের একটি প্রভাবশালী মহলের ইন্ধনে ষড়যন্ত্রের গন্ধ ছড়িয়ে পড়েছে। তারই অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এডভোকেট চন্দন কুমার পালকে ঠেকাতে ওই অংশ সাবেক পৌর মেয়র হুমায়ুন কবীর রুমানকে বিদ্রোহী প্রার্থী করতে তৎপর হয়ে উঠেছে। অন্যদিকে বিদ্রোহী প্রার্থী ও তার সহযোগীরা না দমলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায়। ২৯ নবেম্বর মঙ্গলবার দুপুরে চকবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় স্থানীয় প্রশাসনসহ বিশেষ ঘরানার গণমাধ্যম কর্মীদের ভূমিকার বিষয়েও সমালোচনা করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপির সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, এডভোকেট মজদুল হক মিনু, খন্দকার নজরুল ইসলাম, গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, আব্দুল হালিম উকিল, গোলাম রব্বানী, এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, রফিকুল ইসলাম, প্রকাশ দত্ত, মোতাহারুল ইসলাম লিটন, বোরহান উদ্দিন, গোলাম ফারুক সরকার, নাসরিন রহমান, নজরুল ইসলাম প্রমুখ। দলীয় সূত্র জানায়, সভায় এ নিয়ে পরপর দু’দফায় নির্বাহী সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনসহ কতিপয় নেতার অনুপস্থিতি এবং জেলা পরিষদ নির্বাচনে প্রাক তৎপরতা শুরুর প্রথম থেকেই তাদের ভূমিকায় উদ্বেগ প্রকাশ করা হয়। সেইসাথে সভায় দলের দায়িত্বশীল নেতা হিসেবে তাদের প্রতি বিদ্রোহীদের দমিয়ে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে আন্তরিক ও সক্রিয় হওয়ার আহবান জানানো হয়। অন্যথায় বিদ্রোহী প্রার্থী ও সহযোগীসহ দায়িত্বশীলদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী উচ্চারণ করা হয়। এছাড়া মনোনয়ন লাভের পর শেরপুরে পৌঁছার পথে স্থানীয় নেতা-কর্মীদের স্বতস্ফূর্ত তাৎক্ষণিক অভ্যর্থনার বিষয়কে কেন্দ্র করে বিশেষ ঘরানার গণমাধ্যম কর্মীদের আচরণবিধি লঙ্ঘনের খবর পরিবেশন এবং সেই প্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে শোকজের বিষয়েও কঠোর সমালোচনা করা হয়। সেইসাথে স্থানীয় প্রশাসনসহ গণমাধ্যম কর্মীদের নিরপেক্ষ ও দায়িত্বশীল হওয়ার উপরও গুরুত্বারোপ করা হয়। ৭১ সদস্যের নির্বাহী পরিষদের ওই সভায় ৬২ সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পালকে শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে বাছাই করার পরও একটি অংশের বিরোধিতার কারণে নানা জল্পনা-কল্পনা ও টানা-পোড়েন সৃষ্টি হয়। কিন্তু এরপরও এডভোকেট চন্দন পালকেই দলের সমর্থিত প্রার্থী ঘোষণার পর থেকে তাকে ঠেকাতে ওই অংশ সাবেক পৌর মেয়র হুমায়ুন কবীর রুমানকে বিদ্রোহী প্রার্থী করতে তৎপরতা শুরু করে। ইতোমধ্যে দলের সমর্থিত প্রার্থীর পাশাপাশি রুমানও একাধিক মিটিং-সমাবেশের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সেইসাথে তার বলয়ের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে সদস্য ও সংরক্ষিত সদস্য পদেও প্রার্থী দিতে।
























