স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙমিশ্রিত চিপস বিক্রির দায়ে ৩ মনোহারী ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৮ নভেম্বর সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন ও সুমন্ত ব্যানার্জীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে ওই দন্ড প্রদান করেন। দন্ডিত ব্যবসায়ীদের মধ্যে শহরের নয়আনী বাজারের মুকুল দত্ত ও অরুণ কুমার দত্তকে ২ হাজার টাকা করে এবং রাজন সরকারকে ১ হাজার টাকার অর্থদন্ড দেওয়া হয়। একই সাথে ওই ব্যবসায়ীদের হেফাজতে থাকা প্রায় ২৫ হাজার টাকা মূল্যের রঙমিশ্রিত চিপস ধ্বংস করা হয়।
জানা যায়, শেরপুর শহরের নয়আনী বাজার এলাকার কয়েক ব্যবসায়ী অতিমুনাফার লোভে দীর্ঘদিন যাবত ক্ষতিকারক রঙমিশ্রিত চিপস বিক্রি করে আসছেন- এমন গোপন অভিযোগের ভিত্তিতে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

























