স্টাফ রিপোর্টার ॥ খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অনিয়মের আশ্রয় নিয়ে স্বচ্ছলদের মাঝে বরাদ্দ দেওয়া ১১শ’ ৭০টি কার্ড বাতিল করা হয়েছে। হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরের চালের ওই কার্ড বিতরণে এলাকাবাসীর তরফ থেকে অনিয়ম, স্বজনপ্রীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠায় স্থানীয় খাদ্য বিভাগ তদন্ত সাপেক্ষে ওই কার্ডগুলো বাতিল করেছে। বাতিল করা কার্ডগুলোর মধ্যে কাংশা ইউনিয়নে ২শ ৭১টি, ধানশাইলে ১শ ১০টি, নলকুড়ায় ৬টি, গৌরিপুরে ৭৯ টি, ঝিনাইগাতীতে ১শ ৬৮টি, হাতিবান্ধায় ৩শ ৪০টি ও মালিঝিকান্দায় ১শ ৯৬ টি কার্ড রয়েছে।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, বর্তমান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে ৭ হাজার ৫শ’ ১৭ জন হত দরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরের চালের কার্ড বরাদ্দ দেয়া হয়। ওইসব কার্ড হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণের কথা। কিন্তু বিতরণ কাজে নিয়োজিত ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যরা কার্ড বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির আশ্রয় নিয়ে অধিকাংশ কার্ড বিত্তবানদের মাঝে কার্ড বিতরণ করেন। ওইসব অভিযোগের প্রেক্ষিতে খাদ্য বিভাগ তদন্তে নামে। খাদ্য বিভাগের তদন্তে অনিয়মতান্ত্রিকভাবে বিতরণকৃত কার্ডগুলো বাতিল করে অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করার প্রক্রিয়া চলছে। উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মো.একরামুল হক ভূইয়া ওই তথ্য নিশ্চিত করেছেন।


















