স্টাফ রিপোর্টার ॥ জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের প্রচারনামুলক বিলবোর্ড, ব্যানার-ফেস্টুন, তোরণ, গেইট ইত্যাদি জরুরী ভিত্তিতে অপসারণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম মঙ্গলবার বিকেলে এ নির্দেশ জারী করেছেন। রাতে জেলা তথ্য অফিস এ সংক্রান্ত একটি মাইকিং করেছে।
মঙ্গলবার রাতে জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম জানান, রবিবার নির্বাচন কমিশন এ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচনী আচরনবিধি অনুসারে সম্ভাব্য প্রার্থীদের প্রচারনামুলক বিলবোর্ড, ব্যানার-ফেস্টুন, তোরণ, গেইট ইত্যাদি জরুরী ভিত্তিতে অপসারণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওইসব প্রচারনামুলক বিলবোর্ড, ব্যানার-ফেস্টুন, তোরণ, গেইট অপসারন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
সহকারি রিটার্নি অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী, চেয়ারম্যান, সাধারন ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১ ডিসেম্বর। ৩ ও ৪ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ১১ ডিসেম্বর।এছাড়া ১২ ডিসেম্বর নির্বাচনের প্রতীক বরাদ্দ ও আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আইন অনুযায়ী, জেলায় স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা নির্বাচিত হবেন। প্রতিটি জেলায় একজন প্রশাসক এবং ১৫ জন সাধারন ও পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য থাকবেন।
























