স্টাফ রিপোর্টার ॥ সাধারন গৃহবধু হয়েও শেরপুরে নারী জাগরনের অগ্রদূত ছিলেন রিজিয়া রহমান। যখন নারীরা ঘর থেকে বের হতে পারতোনা সেই সময় ধর্মান্ধতা ও অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে নারী অধিকার প্রতিষ্ঠায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রিজিয়া খাতুন। শেরপুরের নারীদের সংগঠিত করতে তিঁনি বিরাট অবদান রেখেছেন। তাঁদের হাত ধরেই নারী আন্দোলন বেগবান হয়েছে। তিঁনি আজ আমাদের মাঝে না থাকলেও তিঁনি বেঁচে থাকবেন তাঁর কর্মের মাধ্যমে। যুগ যুগান্তরের নারী অধিকার আন্দোলনের বহ্নিশিখা হয়ে। শেরপুর জেলা মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক রিজিয়া খাতুনের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস একথা বলেন। ২০ নভেম্বর রবিবার রাতে শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখা এ শোকসভার আয়োজন করে।
মহিলা পরিষদের যুগ্ম সম্পাদিকা আঞ্জুমান আরা যুথী তাঁর শ্বাশুড়ি রিজিয়া খাতুন সম্পর্কে স্মৃতিচারণ করে বলেন, মাত্র ১৩ বছর বয়সে বিয়ের তিঁনি পিড়িতে বসেছিলেন। চতুর্থ শ্রেনী পর্যন্ত পড়াশোনা করলেও তিনি ছিলেন সমাজের আলোকবর্তিকা। তিঁনি ছিলেন শেরপুর মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক। তিঁনি আমাকেও নারী আন্দোলনের জন্য তৈরী করেছেন। ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় আমার বিয়ের পর শ্বশুরবাড়ীতে এলেও তিঁনি আমাকে সবসময় পড়ালেখা চালিয়ে যাওয়ার প্রেরণা যুগিয়েছেন। তাঁর অনুপ্রেরণায় স্বামীর সংসারে এসে বিএ পাশ করি, বিএড করি এবং স্কুলে শিক্ষকতায় নিযুক্ত হই। বিভিন্ন সংগঠনের সাথে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করতে সচেষ্ট হই। নারীদের উন্নয়নে তিঁনি সবসময় সচেতন ছিলেন, সবাইকে উৎসাহ যোগাতেন।
শেরপুর জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী বলেন, শহরের গৃর্দানারায়নপুর মহল্লার মরহুম মোজাম্মেল হকের স্ত্রী রিজিয়া খাতুন ছিলেন জেলায় মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক। স্বাধীনতার পরপরই ১৯৭২ সালের মে মাসে শেরপুরে জ্যোৎ¯œা নিয়োগী এবং রিজিয়া খাতুনরা মিলে গড়ে তুলেছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের শাখা। জ্যোৎ¯œা নিয়োগীর মৃত্যুর পর রিজিয়া খাতুন সভানেত্রীর দায়িত্ব পালন করেন। তারাই শেরপুরে নারী জাগরন ও নারী অধিকার আন্দোলন সংগঠনে বিরাট ভুমিকা রাখেন। ছোট ছোট সন্তান রেখে আশির দশকে স্বামীর মৃত্যুর পর শক্ত হাতে তিঁনি নিজে সংসারের হাল ধরেন এবং আট সন্তানের সবাইকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন। তাঁর সন্তানরা সবাই আজ সমাজে নানাক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। তিঁনি আমাদের নারী সমাজের একজন আদর্শ ব্যক্তিত্ব ছিলেন।
জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মীর সভাপতিত্বে শোকসভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সালেহ মো. নূরল ইসলাম হিরু, সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিমুল হক নাজিম। এছাড়া পাতাবাহার খেলাঘর আসরের সভাপতি অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, নারী নেত্রী আইরীন পারভীন, মোর্শেদা খাতুন, উদীচী জেলা সম্পাদক এস এম আবু হান্নান, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, শেরপুর জেলা মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক রিজিয়া খাতুন (৮২) চিকিৎসাধীন অবস্থায় ১১ নভেম্বর রাতে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন।
























