স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের বিদায়ী পুলিশ সুপার মো. মেহেদুল করিমকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা প্রদান করল জেলা পূজা উদযাপন পরিষদ। ১৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় শহরের শ্রী শ্রী গোপাল জিউর নাট মন্দিরে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। প্রভাষক মলয় চাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছিলেন পুলিশ সুপার পতœী মিসেস হাওয়া বিবি ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন শিকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদ নেতা, অ্যাডভোকেট মিহির সাহা, অ্যাডভোকেট নরেশ চন্দ্র দে, শ্রী প্রদীপ রঞ্জন দে, প্রিয়তোষ সরকার, গোপাল চন্দ্র সাহা, ঝুমুর পোদ্দার, জীবন চক্রবতী, চিনময় সাহা মিঠু, বাবন সাহা, বিপুল চক্রবর্তী, সঞ্জয় চক্রবর্তী প্রমূখ
সংবর্ধনার শুরুতে মানপত্র পাঠ করেন জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য শিক্ষাবিদ ও কবি জীবন কৃষ্ণ বসু। পরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা আবৃত্তি করেন জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শ্রী কমল চক্রবর্তী। এরপর জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি, বিদায়ী অতিথি পুলিশ সুপার মেহেদুল করিম তাঁর সহধর্মীনী মিসেস হাওয়া বিবিকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। এদিন নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা পূজা উদযাপন পরিষদ, জেলা পুরোহিত কল্যাণ পরিষদ, শ্রী শ্রী মা ভবতারা মন্দির পরিচালনা কমিটি, কুসুমেশ্বরী শিব মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান উল্লিখিত কমিটির নেতৃবৃন্দ।

বিদায়ী অতিথি পুলিশ সুপার মো. মেহেদুল করিম তাঁর বক্তব্যে বলেন, আমার কাছে বাংলাদেশের সকল মানুষ সমান। এখানে সংখ্যালঘু, সংখ্যাগুরু বলতে কিছু নেই। তিনি বলেন, শেরপুরের মানুষ এক কথায় অসাধারন। তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। পূজা পরিষদ সর্ম্পকে তিনি বলেন, শেরপুরের পূজা উদযাপন পরিষদ দেশের অন্য জেলার পূজা উদযাপন পরিষদের চেয়ে ভিন্ন। এর বর্তমান নেতৃত্ব অত্যন্ত সুশৃঙ্খল। এ কমিটির ধর্মীয় অনুষ্ঠান গুলোতে অসাম্প্রদায়িক চিন্তা চেতনার প্রতিফলন দেখা যায়। দেশের অনেক জেলা শেরপুর পূজা উদযাপন পরিষদের কর্মকান্ড থেকে শিক্ষা নিতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা জানানোর জন্য পূজা উদযাপন পরিষদকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশ সুপার মেহেদুল করিম এক অসাধারন ব্যক্তিত্ব। তিনি অত্যন্ত বিচক্ষন একজন পুলিশ কর্মকর্তা। ধর্মীয় সংখ্যালঘুদের ব্যাপারে তিনি সবসময় সজাগ দৃষ্টি রাখতেন। আশা করি নবাগত পুলিশ সুপার মেহেদুল করিমের পদাঙ্ক অনুসরন করবেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করে।
























