স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শুরু হয়েছে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা। শহরের উপকণ্ঠে মৃগী নদীর তীরে আয়োজিত ওই ইজতেমায় ১০ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে আম বয়ান শুরু হলেও বাদ আসর থেকে আনুষ্ঠানিক বয়ান শুরু হয়েছে। ঢাকার কাকরাইল মার্কাজ থেকে আগত মুরুব্বীসহ দেশি-বিদেশি তবলীগ জামায়েতের মুরুব্বীরা দ্বীন ও ইসলাম কায়েমের জন্য দাওয়াত ও বয়ানে অংশ নিচ্ছেন। ইতোমধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার ২টি তাবলীগ জামাতসহ শেরপুর জেলা ও আশেপাশের এলাকার প্রায় লক্ষাধিক মানুষ ইজতেমায় শরিক হয়েছেন। শনিবার বেলা ১১ টার মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে ওই ইজতেমা শেষ হবে।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ৩ দিনব্যাপী ওই ইজতেমা উপলক্ষে শেরপুর জেলা শহরের অস্টমীতলা পুলিশ লাইন ও ভাটারাঘাট সংলগ্ন মৃগী নদীর তীরে প্রায় ৯ একর জমির ওপর বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। এতে তৈরি করা হয়েছে ১৫টি খিমায় ৬টি খিত্তা বা পয়েন্ট। সেই সাথে মাঠের নিরাপত্তায় পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি তাবলীগ জামাতের নিজস্ব প্রায় এক হাজার সদস্যের বেশ কয়েকটি পাহারাদার জামাত কাজ করছে। মাঠে থাকার বেডিংসহ একসাথে নামাজ আদায় করার জন্য প্রায় ৩০ হাজার মুসল্লির ধারণ ক্ষমতা করা হলেও কেবলমাত্র নামাজ আদায় করতে পারছেন প্রায় ৬০ হাজার মুসল্লি। এছাড়া ইজতেমার শেষ দিন আখেরি মোনাজাতের দিন প্রায় দেড় লক্ষাধিক মুসল্লির সমাবেশ হবে বলে আশা করছেন ইজতেমা ইনতেজাম কমিটি। সে হিসেবেই প্রায় সহস্রাধিক টয়েলেট, আড়াই শতাধিক বিশুদ্ধ খাবার পানির টিউবওয়েল, ৩ টি গভীর নলকুপ, নদীর উপর বাঁশ ফেলে অজুখানা, ২টি ভাসমান বাঁশের সেতু ও রান্না করার জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা রাখা হয়েছে।
























